প্রকাশিত: Fri, Mar 31, 2023 12:27 AM
আপডেট: Fri, Sep 11, 2026 7:58 AM

দেশের ১২ জেলা ও ৩৯ উপজেলায় বৈকালিক স্বাস্থ্য সেবা চালু

জাফর খান: দেশের ১২টি জেলা সদর হাসপাতাল ও ৩৯টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রাথমিকভাবে পাইলট আকারে এই সেবা কার্যক্রম চলবে। এর আওতায় চিকিৎসকরা নির্ধারিত সময়ের পর নির্দিষ্ট ফি নিয়ে রোগী দেখতে পারবেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এই সেবাটি পাইলট প্রকল্প হিসেবে চালু থাকবে। পরবর্তীতে সব হাসপাতালে এই সেবা চালু করা হবে। বিশাল সংখ্যক চিকিৎসক জেলা ও উপজেলা পর্যায়ে এই সুযোগ পাবেন। এতে করে সাধারণ মানুষের অনেক উপকার হবে।

অনুষ্ঠানে মন্ত্রী গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নিজ এলাকা মানিকগঞ্জ সদর হাসপাতালের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না